দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন— অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী সুরমা ইউনিয়নের শরীপপুর গ্রামের স্বামী মৃত.ফারুক আহমেদের স্ত্রী মোছা. তৈয়বুন নেছা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন দোহালীয়া ইউনিয়নের নতুননগর গ্রামের মনফর আলীর স্ত্রী হাসিনা বেগম, সফল জননী যে নারী বাংলাবাজার ইউনিয়নের প্রতাবেরগাঁও গ্রামের আসাদ আলীর স্ত্রী হেলিমা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে জীবন শুরু করা সফল নারী সদর ইউনিয়নের পুর্ব মাছিমপুর গ্রামের আব্দুল গণির কন্যা আকলিমা বেগম।
শুক্রবার সকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে জয়িতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি কাজী সাইফুল ইসলাম শামীম, সহ সভাপতি রাজা আহমদ, জুনাব আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মছব্বির, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক গৌছুল ইসলাম, উপজেলা মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদ হোসেন, দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক নজির মাস্টার, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী এনামুল হক প্রমুখ।


