দোয়ারাবাজারে আফিজ আলী হত্যাকান্ডের ঘটনায় মামলা

ছাতক প্রতিনিধি
দোয়ারাবাজারে আফিজ আলী (৩২) হত্যাকান্ডের ঘটনায় দোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার গরুর লাউ গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আফিজ আলীর মৃত্যু ঘটে। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত.আব্দুল হাসিমের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, বিয়ে করার সুবাদে গত    দুই বছর যাবৎ শশুর বাড়িতেই স্ব-পরিবারে বসবাস করে আসছিলেন আফিজ আলী। বৃহস্পতিবার সকালে আফিজ আলীর গরু একই গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের ক্ষেতের লাউ গাছ নষ্ট করলে   ক্ষেতের মধ্যেই আফিজ আলী ও আব্দুল বারিকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায় আব্দুল বারিকের লোকজন লাঠি-সোটা নিয়ে আফিজ আলীর উপর হামলা করে। এসময় জামাতাকে রক্ষা করতে এসে হামলায় আহত হন আফিজ আলীর শশুর কালা শাহ (৪৫) ও ৭ম শ্রেণীর ছাত্রী শালিকা রাবিয়া বেগম (১৩)। আহত আফিজ আলীকে আশংকাজনক অবস্থায় প্রথমে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন বিকালে চিকিৎসাধীন অবস্থায় আফিজ আলীর মৃত্যু ঘটে।
এ ব্যপারে দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক জানান, হত্যাকান্ডের ঘটনায় থানায় নিয়মিত হত্যা মামলা নেয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।