দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর গ্রামে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো, গ্রামের ইরফান আলীর ছেলে হাসান মিয়া (৬) ও একই গ্রামের রায়হান মিয়ার ছেলে মুন্না মিয়া (৬)। একই সাথে দুই শিশুর মৃত্যুর ঘটনায় নূরপুর গ্রামের শোকের ছায়া বিরাজ করছে। সোমবার বিকালে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ও নূরপুর গ্রামের বাসিন্দা আলী নূর বলেন,‘ গ্রামবাসীর ধারণা সোমবার বিকালে গ্রামের পাশে মাঠে খেলা করছিল শিশু হাসান মিয়া ও মুন্না মিয়া। হয়ত কোন এক সময় সবার অলক্ষে তারা মাঠের পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বিকাল প্রায় ৫ টার সময় ওই পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে গ্রামের লোকজন। পরে স্থানীয়দের সাথে আলাপ করে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।’


