দোয়ারাবাজারে বাদ পড়া মুক্তিযোদ্ধাগণের সংবাদ সম্মেলন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ১৮৫ জন মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাছাইয়ের কাজ করেছেন উপজেলা যাচাই বাছাই কমিটি। সরকারের দেয়া নির্ধারিত নিয়মে দোয়ারাবাজার উপজেলায় ১৮৫জন  মুক্তিযোদ্ধার আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করেন ৭ সদস্য বিশিষ্ট কমিটি। যাচাই-বাছাই কমিটির সভাপতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কমিটিতে সদস্য ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সফর আলী,   
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাউছার আলম, আব্দুল হালিম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা আ.রশিদ, মুক্তিযোদ্ধা মো.জাকির হোসেন। রবিবার আনুষ্ঠানিক ভাবে যাচাই বাছাই সম্পন্ন করে এর তালিকা টানানো হয়।
যাচাই বাছাই শেষে ৯৪ জন প্রকৃত মুক্তিযোদ্ধা বলে বিবেচিত হয়েছেন, দ্বিধাবিভক্তিতে রয়েছেন ১৪ জন, বাদ পড়েছেন ৭৭ জন। তবে যাচাই-বাছাইয়ে অনেক সঠিক মুক্তিযোদ্ধার নাম বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন একাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে রবিবার বিকালে দোয়ারাবাজার প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক দুই বারের কমান্ডার আব্দুছ ছোবহান।
তিনি বলেন, লাল মুক্তিবার্তা, ভারতীয় তালিকা, ৭২ এর জাতীয় তালিকা, প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত সনদপত্র, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদপত্রসহ মুক্তিযুদ্ধের সকল কাগজপত্র থাকা স্বত্তেও রাজনৈতিক প্রতিহিংসাবশত বাছাই কমিটি আমার নাম বাদ দিয়েছেন।
একই ভাবে ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা মদরিছ আলী চেয়ারম্যানের পুত্র সিরাজ মিয়া।
তিনি জানান, আমার পিতার মুক্তিযুদ্ধের সকল কাগজপত্র সঠিক থাকার পরও আমার বাবার নাম বাদ পরেছে। আমরা প্রতিহিংসার শিকার হয়ে অধিকার বঞ্চিত হয়েছি। এব্যাপারে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে যাচাই-বাছাই কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিকের কাছে জানতে চাইলে তিনি জানান, সরকারের নিয়ম অনুযায়ী কাগজপত্র দেখে সঠিকভাবে যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। যদি কোন প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ পড়ে থাকেন তাহলে তিনি আপিল করতে পারবেন।