দোয়ারাবাজারে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম

আশিক মিয়া, দোয়ারাবাজার
টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে জেলার দোয়ারাবাজার সীমান্তের খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ ভেঙে ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার সুরমা ইউনিয়নের আমন বীজতলা ও চাষাবাদকৃত বর্ষাকালীন সবজি ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে।
গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত রাবারড্যাম প্রকল্প ও খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হলেও এবার আবার এই বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দোয়ারাবাজার সীমান্তের গ্রামগুলো। উজানের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার মহ্ববতপুর-লিয়াকতগঞ্জ বাজার, টিলাগাঁও-গিরিশনগর রাস্তা কাম বেড়িবাঁধ এখন হুমকির মুখে রয়েছে। যে কোনো সময় এই বেড়িবাঁধও ভেঙে কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হওয়ার আশংকা করা হচ্ছে। সকাল থেকে স্থানীয় মহব্বতপুরবাজার হাঁটু পানির নিচে তলিয়ে য্াওয়ায় দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চলাচল সড়কগুলো তলিয়ে যাওয়ায় চরম ভোগন্তি পোহাতে হচ্ছে মানুষকে।IMG_3590
এদিকে মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত রাবারড্যাম প্রকল্প ও বেড়িবাঁধ পরিদর্শন  করেছেন সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মাস্টার, নব-নির্বাচিত চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ।
মঙ্গলবার ভোরে  উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাঁও রাবারড্যাম প্রকল্পের বেড়িবাঁধ ভেঙে বন্যা কবলিত হয় দোয়ারা সদর, সুরমা, লক্ষ্মীপুর ও বোগলাবাজার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। দ্রুত বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় তিন ইউনিয়নের যোগাযোগের প্রধানতম সড়কের শরীফপুর গ্রামের নিকটবর্তী প্রায় অর্ধ কিলোমিটার অংশ পানির নিচে তলিয়ে যায়। উপজেলা সদরের সাথে ঐ এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এছাড়া, বাংলাবাজার, নরসিংপুর ও সদর ইউনিয়নের দোয়ারা-বাংলাবাজার সড়কটি আংশিক তলিয়ে গিয়ে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। IMG_3606
অন্যদিকে সুনামগঞ্জ-ছাতকের একমাত্র সড়কের দোহালীয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের  পাশের অংশ ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ছাতক-সুনামগঞ্জ যোগাযোগ। দোহালিয়া ইউনিয়নের দোহালিয়া বাজার, আংগাং, রাজনপুর, হরিপুর, জঙ্গলশ্রী সহ কয়েকটি গ্রাম হুমকির মুখেও রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত রাবারড্যাম প্রকল্প ও বেড়িবাঁধ সরেজমিন পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের সাথে কথা হয়েছে। পাহাড়ী ঢল থেকে রক্ষা পেতে কিভাবে স্থায়ী উদ্যোগ নেয়া যায় আগামীতে সেই ব্যবস্থাও নেয়া হবে প্রশাসনের পক্ষ থেকে।