দোয়ারাবাজারে মাদ্রাসা নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের লামাসনিয়া জামিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী ১২ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আবেদনকারী ১২ জনের মধ্যে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নানের ছেলে মো.মাজহারুল ইসলামও ছিলেন। নিয়োগ কমিটি একই দিনে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে। নিয়োগ কমিটি নিয়োগের জন্য সভাপতির       
ছেলেকে মনোনীত করে।
অভিযোগকারীরা অভিযোগে উল্লেখ করেন সভাপতি তার ছেলেকে প্রভাব খাটিয়ে  নিয়োগ পাইয়ে দেন। তারা এই নিয়োগ বাতিলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত আবেদন করেছেন।
মাদ্রাসা সভাপতির মোবাইল নাম্বারে বার বার যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়ায় তার সাথে কথা বলা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, নিয়োগে অনিয়মের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।