দোয়ারাবাজারে হাওরের ফসল পানির নিচে

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বেশ কয়েকটি হাওরের ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের অরক্ষিত ও অসমাপ্ত কাজ, কয়েক দিনের টানা ভারী বর্ষণ আর পাহাড়ী ঢলে সুরমার পানি বাড়ায় উপজেলার কয়েকটি হাওরের ফসলী জমি তলিয়ে গেছে। ইতোমধ্যে উপজেলা পার্শ্ববর্তী বন্দেহরি বিল, মংলার বিল, হাইল বোই হাওর ও বাগাম হাওরের ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে এক এক করে ফসলি জমির পানির নিচে তলিয়ে গেলেও এখন পর্যন্ত কোন জনপ্রতিনিধি বা প্রশাসনের লোকজনকে হাওর পাড়ে অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। এছাড়াও অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নাইন্দর হাওর, কাকিআইল বিল, লগগিমারা বিল, লাইম, পুটকি      
উড়া, লামার বিল।
হাওরপাড়ের কৃষক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, বন্দেহরি হাওরের বাঁধের অবস্থা খুবই খারপ। এই বাঁধের অবস্থার কথা ডিসি স্যারের সামনে বলেছিলাম। ডিসি স্যার উপজেলা সহকারী কমিশনার সাহেবের কাছে বলার পরও তিনি কোন ধরনের ব্যবস্থা নেননি।
পুটকিউড়া বিলের পাড়ের কৃষক জমসেদ আলী বলেন, সারা দিন হাওরের বাঁধে কাজ করছি। কিন্তু ফসল রক্ষায় প্রশাসন বা জনপ্রতিনিধি সবাই নিরব দর্শকের ভূমিকা পালন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী ভূমি কমিশনার প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, পাহাড়ি ঢলের কারণে সুরমা নদির পানি বাড়ছে। বাঁধের ব্যাপারে আমি পানি উন্নয়ন বোর্ডের লোকজনের সাথে যোগাযোগ করেছি। ঝুঁকিপুর্ণ হাওরে বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার ব্যবস্থা করা হচ্ছে।  
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক বলেন, অনেকেই ফোন করে আমাকে বলেছেন হাওড়ে পানি ঢুকছে। ঝুঁকিপুর্ণ বাঁধ দেখে আগামীকাল (শনিবার) প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।