দোয়ারাবাজার ও দক্ষিণ সুনামগঞ্জের প্রার্থীতা নিয়ে আ.লীগে মতভিন্নতা

বিশেষ প্রতিনিধি
দোয়ারাবাজার ও দক্ষিণ সুনামগঞ্জের ১৭ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে মতভিন্নতা দেখা দিতে পারে। আগামীকাল (মঙ্গলবার) এই ১৭ ইউনিয়নের দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করে সভানেত্রী শেখ হাসিনার কাছে জমা দেবার কথা। এই ইউনিয়নগুলোতে নির্বাচন ২৩ এপ্রিল। দলীয় সূত্রে জানা গেছে দুই উপজেলারই ভিন্ন-ভিন্ন তালিকা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুইগ্রুপ। দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইদ্রিছ আলী বীরপ্রতীকের স্বাক্ষরে দেওয়া হচ্ছে এক তালিকা, আবার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক দাবি করে ফরিদ আহমদ তারেক দেবেন আরেক তালিকা। একইভাবে দক্ষিণ সুনামগঞ্জের ৮ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম দিচ্ছেন এক  তালিকা। আবার সাধারণ সম্পাদক আতাউর রহমান আরেক তালিকা জমা দিচ্ছেন। সকলেরই সোমবার রাতে জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে তালিকা জমা দেবার কথা।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দেখা করেছেন তিনি, তাঁদেরকে জানিয়ে এসেছেন তিনি আলাদা  তালিকা দেবেন’।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন,‘আমরা ইউনিয়নে-ইউনিয়নে বর্ধিত সভা করে জনপ্রিয় প্রার্থীদের তালিকা করেছি, এই তালিকা জেলা কমিটির কাছে দেব, তাঁরা একজনের নাম চূড়ান্ত করে কেন্দ্রে জমা দেবেন’।
দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক বলেন,‘ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বশীলরা তালিকা করেছেন, পরে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করে একেক ইউনিয়নে ২-৩ জনের নামের তালিকা করে জেলা কমিটির কাছে পাঠিয়েছি আমরা’।
উপজেলা আওয়ামী লীগের অন্য অংশের আহ্বায়ক দাবিদার ফরিদ আহমদ তারেক বলেন,‘আমরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা করে একজন করে প্রার্থীর তালিকা করেছি, সভাপতি ও সম্পাদকের কাছে রাতেই ( সোমবার রাতে) তালিকা জমা দেব’।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইদ্রিছ আলী বীরপ্রতীক। এটি কেন্দ্রীয় নেতৃত্ব এবং সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ্ উদ্দিন সিরাজও আমাকে বলেছেন, সুতরাং দোয়ারাবাজারের ৯ ইউনিয়নের তালিকা তাঁর মাধ্যমেই আসবে। সকল উপজেলার তালিকাই কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আসবে। দায়িত্বশীলরা তালিকা তৈরিতে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শও নিতে পারেন’।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘দোয়ারাবাজারের তালিকা ফরিদ আহমদ তারেকের কাছ থেকেই নেওয়া হবে। দক্ষিণ সুনামগঞ্জের সভাপতি ও সম্পাদকের দেওয়া তালিকা সমন্বয় করে প্রার্থী চূড়ান্ত করার চেষ্টা করা হবে’।
আওয়ামী লীগের কেন্দ্রীয় একজন নেতা বলেছেন,‘ উপজেলা ও জেলা নেতারা ঐক্যমতের ভিত্তিতে দলীয় প্রার্থী মনোনয়ন না দিতে পারলে, কেন্দ্রীয় হস্তক্ষেপেই প্রার্থী চূড়ান্ত করা হবে। গত সপ্তাহে ছাতক উপজেলার ১৩ ইউনিয়নের ক্ষেত্রেও তাই হয়েছে’।