স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজারের ৮ ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান ছিলেন ৮ জন। তাঁদের মধ্যে কেবল পান্ডারগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ দলীয় মনোনয়ন পেয়েছেন। অন্যরা দলীয় মনোনয়ন পাননি। শনিবার বিকালে দলীয় প্রার্থী ঘোষণার পর আওয়ামী লীগের ধানমন্ডির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বঞ্চিত এসব প্রার্থী ও তাঁদের সমর্থক শত শত নেতা কর্মীকে বিষন্ন দেখা গেছে। কেন এরা দলীয় মনোনয়ন পেলেন না, এই কারণ খুঁজেছেন দলীয় নেতা কর্মীরা। দলীয় নেতা কর্মীদের কেউ কেউ বলেছেন, তাঁদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা আগে থেকে সক্রিয় ছিলেন, নানাভাবে খরচও করেছেন বেশি তারা। কেউ কেউ বলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এই উপজেলায় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় যৌথভাবে স্বাক্ষর না দেওয়ায় যে যেভাবে সম্ভব হয়েছে তদবির করেছে এবং সুযোগ নিয়েছে।
এছাড়া সরকারী একাধিক সংস্থার রিপোর্টও এই ৮ চেয়ারম্যানের কারো কারো অনুকূলে ছিল না। বিশেষ করে দোয়ারাবাজার উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা কঙ্কন চাকমাকে শারিরিকভাবে লাঞ্ছনা করার বিষয়টি সরকারী সংস্থাগুলোর রিপোর্টে উল্লেখ ছিল। কারো বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থার অভিযোগও ছিল। কারো বিরুদ্ধে বাবার নাম শান্তি কমিটির তালিকায় থাকার বিষয়টিও উল্লেখ ছিল। কারো বিরুদ্ধে টিআর, কাবিখা আত্মসাতের মামলাও ছিল। কারো বিরুদ্ধে জনপ্রিয়তা হ্রাস পাওয়ার কথাও সরকারী রিপোর্টে উল্লেখ ছিল। কারো বিরুদ্ধে চারিত্রিক ত্রুটির কথাও উল্লেখ ছিল। তবে বেশিরভাগ ইউপি চেয়ারম্যানদের ক্ষেত্রেই সকল পর্যায়ের রিপোর্টে জনপ্রিয় উল্লেখ করা হয়েছিল এবং সম্ভাব্য ভোট প্রাপ্তির হারও বেশি দেখানো হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না তাঁদের।
আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা জানান, দলীয় মতভিন্নতা দেখা দেওয়ায় সরকারী রিপোর্টকেও কিছুটা কাজে লাগিয়েছেন বর্তমান চেয়ারম্যানদের প্রতিপক্ষের নেতাকর্মীরা।


