দোয়ারায় ইউনিয়ন পরিষদের দেয়া ইজারা বাতিল

ছাতক প্রতিনিধি
ছাতকের একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র সমবায় সমিতির আবেদনের প্রেক্ষিতে দোয়ারায় চেলা ও মরা চেলা নদী দিয়ে পণ্য আমদানীর ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ কর্তৃক দেয়া ইজারা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে এক বৈঠকে ইউনিয়ন পরিষদের দেয়া এ ইজারা বাতিল করা হয়।
গত ২৯ জানুয়ারি দোয়ারা উপজেলার অন্যান্য হাট-বাজার ও জলমহাল ইজারা প্রদানের জন্য দরপত্র আহবান করে উপজেলা পরিষদ। দরপত্রে মরা চেলা নদী পণ্য আমদানীর ইজারা গ্রহণ করেন দোয়ারাবাজারের মাসুক মিয়া। সরকারী বিধি মোতাবেক টুল আদায় কার্যক্রমও চলে যথারীতি। গত ১৪ এপ্রিল  নরসিংপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক মরা চেলা নদী পণ্য আমদানীতে আবারো ইজারা প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদের দেয়া ইজারা গ্রহণ করেন নরসিংপুর ইউনিয়নের মন্তাজনগর গ্রামের আব্দুল আজিজ। দু’বার ইজারা প্রদান নিয়ে মরা চেলা নদীতে টুল আদায়ে উভয় ইজারাদারের মধ্যে এক জটিলতার সৃষ্টি হয়। জটিলতা নিরসনের লক্ষে গত ২৬ এপ্রিল ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র সমবায় সমিতির পক্ষে সাধারণ সম্পাদক খলিলুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা পরিষদ কর্তৃক ইউনিয়ন পরিষদের দেয়া ইজারা বাতিল করা হয়।