দোয়ারায় খুনের মামলার বাদী-বিবাদী সংঘর্ষ-সংঘর্ষ থামাতে ৩ রাউন্ড গুলি ৩ পুলিশসহ আহত ২০

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারের খুনের মামলার আসামী ধরার সময় বাদী-বিবাদী ও পুলিশের মধ্যে সংঘর্ষে ৩ পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ৩ রাউন্ড গুলি ছুঁড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে একটি খুনের মামলার আসামী ধরতে যায় ডিবি পুলিশের একটি দল। পুলিশকে দেখে বাদী পক্ষ জালাল উদ্দিনের লোকজন আসামী পক্ষ মাহমদ আলী’র লোকজনের উপর হামলা চালায়। এসময় আসামী পক্ষ পুলিশ ও বাদী পক্ষের উপর পাল্টা হামলা করে। এ ঘটনায় মাহমুদ আলী (৬০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ঘটনার সময় ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম, সহকারী সাবইন্সপেক্টর ঝুটন এবং কনস্টেবল সাগর দেবসহ ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৩ রাউন্ড গুলি ছুঁড়ে।
পুলিশ সুপার মো. বরকতউল্লাহ্ জানান, খুনের মামলার আসামী ধরতে দেওয়াননগরে গেলে বাদীপক্ষ আসামী পক্ষের উপর হামলা করে। পরে আসামী পক্ষও হামলা চালায়। এসময় একজন এসআই, একজন এএসআইসহ ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।  
 পরিস্থিতি সামাল দিতে দোয়ারাবাজার থানা থেকেও পুলিশ আসে। পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ এসল্ট মামলা হবে।