দোয়ারায় গাড়ি পুড়ানোর অভিযোগ নিয়ে রহস্য

আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দু সহিদের বাড়িতে থাকা একটি সিএনজি অটোরিক্সা রাতের আধাঁরে আগুনে পুড়ে পাশে থাকা একটি মোটরসাইকেলও আংশিক পুড়ে গেছে। শনিবার রাতে এই রহস্যজনক ঘটনা ঘটে। সিএনজি ও মোটরসাইল আগুনে পুড়ে যাওয়া নিয়ে এলাকায় নানান রহস্যের সৃষ্টি হয়েছে। এব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আব্দু সহিদ গ্রামের আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শামিমুল ইসলাম শামীমের লোকজন গাড়িটি পুড়িয়ে দিয়েছেন বলে    দাবী করলেও শামীম অভিযোগ অস্বীকার করে বলেছেন, শনিবার রাতে গুরেশপুর গ্রামে ছিল আমার নির্বাচনী সভা । আমি এ ব্যাপারে কিছুই জানি না। পুড়ে যাওয়া গাড়িটি এলাকার অনেকেই দেখেছেন, নিজেই নিজের গাড়িতে আগুন দিয়ে আমাকে ফাঁসানোর জন্য উঠেপড়ে লেগেছে। এলাকায় আমার জনপ্রিয়তা দেখে কেউ সহ্য করতে পারছে না, তাই আমাকে এবং আমার সমর্থিত লোকদের ফাঁসানোর জন্য ‘অপচেষ্টা’ চালিয়ে যাচ্ছে একটি মহল।
জানা যায়, শনিবার রাত ৩ টার দিকে ইউনিয়নের প্রতাপপুরের আনোয়ার মিয়ার গ্রামের বাড়ির পাশের বাড়ির উঠানে রাখা টিনসেডের ঘরের ভেতরে থাকা একটি সিএনজি অটোরিক্সা ও একটি মোটরসাইকেল আগুন লাগে। স্থানীয় সূত্র জানায়, ঘটনার রাত পৌনে তিনটা পর্যন্ত বাড়ির পাশের পয়েন্ট লোকজন নিয়ে সভা করছিলেন নৌকার প্রার্থী আনোয়ার মিয়া। এর প্রায় ১৫ মিনিট পর রাত ৩ টার দিকে সহিদের বাড়ির উঠানে থাকা এই অগ্নিকাণ্ড ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের এক প্রবীণ ব্যক্তি জানান, শান্তিপূর্ণ এলাকা হিসেবে আমাদের গ্রামের সুনাম আছে। গাড়ি পুড়িয়ে ফেলার ঘটনাটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। নির্বাচনী আক্রোশে যাতে এলাকার যুগ যুগের স্থিতিশীলতা নষ্ট না হয় এ ব্যাপারে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ রইল।
দোয়রাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,‘আমার কাছে গাড়ি পুড়ানোর একটি অভিযোগ এসেছে। এর মধ্যে একজন প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’