দোয়ারায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাজারে ট্রলির ধাক্কায় রাসেল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনের অবস্থা আশংখাজনক। রবিবার রাতে দোয়ারাবাজার উপজেলার বিয়ানিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের আলী হায়দারের ছেলে রাসেল মিয়া (২০)।
জানা যায়, রাত ১০টার দিকে রাসেল মিয়া দোয়ারাবাজার থেকে মোটরসাইকেলে ফাজায়েল আহমদ (১৫) নিয়ে পান্ডারগাঁও গ্রামে আসছিলেন। পথে বিপরীতগামী একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে রাসেল মারা যান। স্থানীয়রা গুরুতর আহত
ফাজায়েল মিয়াকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ট্রলিটি ছাতক উপজেলার বাউশা এলাকা থেকে আটক করেছে, ঘাতক ড্রাইভার পলাতক রয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়না শেষে সোমবার বিকেলে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ট্রলি আটক করা হয়েছে, তবে ট্রলির ড্রাইভার পলাতক রয়েছে।