দোয়ারায় ডিলারশিপ বাতিলের দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের সার ডিলার শামিম আহমদের বিরুদ্ধে চলতি বোরো ইরি মৌসুমে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগের সাথে মানববন্ধনও করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
বুধবার দুপুরে দোহালিয়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এসময় সারের ডিলারের লাইসেন্স বাতিল করে দোহালিয়া ইউনিয়নে স্থায়ী নাগরিকের মাঝে নতুন ডিলার নিয়োগের দাবি জানান কৃষক ও এলাকাবাসী।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া বলেন, সদর ইউনিয়নের বাসিন্দাকে কি করে দোহালীয়া ইউনিয়নে নিয়োগ দেয়া হলো তা আমরা জানি না।
এখন বোর ইরি মৌসুম, কৃষক যথা সময়ে সার না পেলে ফসলের ক্ষতি হবে। তাই দায়িত্বরত কর্মকর্তাদের উচিত সারের ডিলারকে সরিয়ে নতুন ডিলার নিয়োগ দেওয়া।
ইউপি সদস্য সুলতান আহমদ বলেন, কালোবাজারে যে ডিলার সার বিক্রি করে তাকে আইনের আওতায় আনা হোক। সার ডিলার রহমত আলী মারা যাবার পর সে প্রতিনিয়ত কালোবাজারে সার বিক্রি করে আসছে।
ডিলারের দায়িত্বে থাকা শামিম আহমদ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। দোহালিয়া বাজারে আমার গুদামে পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে। আমি নিয়মিত খুচরা বিক্রেতার নিকট সার সরবরাহ করে আসছি। এখন ইউনিয়নের মধ্যে সারের কোন ক্রাইসেস নেই।
তদন্তকারী কর্মকর্তা মঙ্গলপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. মহসিন আলী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে সারের ডিলারের বিরুদ্ধে একটা অভিযোগের তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক বশির উদ্দিন, অভিযোগ কারী আব্দুল হাকিম, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান কালা মিয়া, আব্দুর রশিদ, আজিজুল হক, ইউপি সদস্য সুলতান মিয়া, আফিজ আলী প্রমুখ।