দোয়ারায় তলিয়ে গেল ৭টি হাওরের ফসল

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের তেগাঙ্গা হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে আশপাশের ছোট-বড় ৭টি হাওর পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
এতে প্রায় আড়াই হাজার হেক্টর জমির ফসল তলিয়েছে বলে জানিয়েছেন এলাকার কৃষকরা। বাঁধ ভেঙে সুরমা নদীর পানি কূল উপচে হাওরে প্রবেশ করেছে। সবক’টি হাওরেই ধান পাকা ছিল বলে জানা গেছে। তবে কৃষকরা কেটে আনার সময় পান নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার থেকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের পূর্ব পাশের কালভার্ট দিয়ে হাওরে পানি প্রবেশ করছিল। এলাকার কৃষকরা বাঁশ, বস্তা দিয়ে চেষ্টা করছিল কালভার্ট বন্ধ করে দিতে। কিন্তু বৃহস্পতিবার দুপুরে কালভার্টের পাশে বাঁেধর কিছু অংশ ভেঙে যায়। এতে করে এলাকার নাইন্দার হাওর, বড় হাওর, মাইগ্গাকোনা, জঙ্গমারা, নল্লুয়া, দিগা, ছনোয়ার হাওরে দেখতে দেখতে পানি প্রবেশ করে ডুবে যায় হাওরগুলো।
বেড়িবাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে দোয়ারাবাজার অংশের নইনগাঁও, মাঝেরগাঁও ও তেগাঙ্গা, ছাতক উপজেলার রংপুর, বড়গর, বইদ্দা, বেতরয়াসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের ফসল ক্ষতিগ্রস্থ।
দোয়রাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক জানান, সুরমা নদীর পানি অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। একদিকে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ও অন্যদিকে বাঁধ উপছে ও ভেঙে নদীর পানি হাওরে প্রবেশ করে ফসল তলিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকালে কিছু হাওরে বাঁধ ভেঙ্গে পানি ঢুকেছে বলে খবর পাওয়া গেছে।