দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে নুর জাহান (৪৫) নামের এক মহিলা নিহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার সকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এই
হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মৃত্যু হয় নুরু জাহান বেগমের। জানা যায়, রবিবার দেওয়ান নগর গ্রামের বাতির আলী ও মশ্রব আলী স্থানীয় হুগলী বিলের পাড়ে ধান ক্ষেতে পানি সেচ দিচ্ছিলেন। এসময় পূর্ব বিরোধের জের ধরে জমিতে পানি সেচে বাধা দেয় একই গ্রামের বাবুল ও সাহেদ আলী ওয়জেদ আলীসহ কয়েকজন। এঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ১০/১২ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় নুরজাহান বেগমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে রবিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
তবে অভিযুক্ত বাতির আলীর মা হাজী রংমালা বলেন, ‘নুরজাহান বেগম দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। কিছু দিন আগে প্রায় দুই মাস সিলেটের ওসমানী মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। এখন আমার ছেলেদেরকে ফাঁসানোর জন্য এঘটনা সাজিয়েছে প্রতিপক্ষের লোকজন।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন,‘ নিহতের লাশের ময়না তদন্ত শেষে তাদের নিজ বাড়িতেই দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মতিউর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’


