দোয়ারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমে বাসস্থান গড়ে তোলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। বিদ্যালয়ের দ্বিতীয় তলায় একটি ক্লাসরুমে প্রধান শিক্ষক রফিজ আলী দীর্ঘ দিন ধরে বসবাস করেন বলে মঙ্গলবার অভিযোগ করেছেন বিদ্যালয়  পরিচালনা কমিটির সদস্য সৈরত আলী তালুকদার।
অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা বেশী হওয়াতে ক্লাসরুমের সংকট দেখা দিয়েছে। শিক্ষার্থীরা গাদাগাদি করে ক্লাস করেন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি বেতন ভাতা পাওয়ার পরও বিদ্যালয়ের একটি ক্লাস রুম দখল করে দীর্ঘদিন ধরে তার থাকার জায়গা গড়ে তুলেছেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক রফিজ আলী জামায়াতের একজন সক্রিয় রোকন হিসেবে বিভিন্ন সময় বিদ্যালয়ের দোতলায় নিজের কক্ষে সংগঠনের গোপন বৈঠক করেন।
শিক্ষক বলেন, আমি ক্লাস রুমে থাকি এটা সত্য, তবে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই।