দোয়ারায় বঙ্গবন্ধুর ছবি খুলে নেয়ার অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে এক ইউপি সদস্যের ব্যক্তিগত অফিস কক্ষ ভাংচুর, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি খুলে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৯টায় উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে বিএনপি থেকে আ.লীগে যোগদানকারী নব নির্বচিত ইউপি সদস্য আলতাব হোসেনের অফিস কক্ষে এই ঘটনা ঘটে।
জানা যায়, ইউপি সদস্য আলতাব হোসেন স্থানীয় মহব্বতপুর বাজারে ব্যক্তিগত উদ্যোগে একটি অফিস খোলেন। অফিসে বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গিয়ে রাখছেন গত ৫ মাস ধরে। অফিসে নিজের বিভিন্ন কাজের সাথে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তিনি।
অভিযোগ উঠেছে মঙ্গলবার রাতে সফিকুল ইসলাম, আব্দুল হাই বিলাত, হাবিবুর রহমান হবি, কবির মিয়া, রজব আলী, জালাল মিয়া, আইনুল মিয়া, সুমন, জফির মিয়া সহ ১৫/২০ জন লোক ইউপি সদস্য আলতাব হোসেনের অফিসে প্রবেশ করে ভাংচুর করে। যাওয়ার সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি খুলে নিয়ে যায়।
ইউপি সদস্য আলতাব হোসেন বলেন, ‘আমি রাতের বেলা অফিসে বসে আছি এমন সময় সফিকুল ইসলাম ও তার সাথে ১৫-২০ জন লোক এসে আমাকে বলেন দেয়াল থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নামানোর জন্য। আমি ছবি না নামালে আমাকে জোরপূর্বক অফিস থেকে বের করে দিয়ে অফিসে টানানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর দুইটি ছবি ছিনিয়ে নিয়ে যায় এবং অফিস ভাংচুর করে।
এ ব্যপারে অভিযুক্তদের পক্ষে হাবিবুর রহমান হবি বলেন, ‘আমরা জোরপুর্বক ছবি দুইটি খুলে নেইনি। এর আগে আমরা তার অফিস থেকে ছবি দুইটি নামানোর জন্য বলেছিলাম। কিন্ত সে স্বেচ্ছায় না নামালে আমরা খুলে নিয়েছি।