আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারায় বিদ্যুৎ সংযোগের নামে চলছে জমজাট বাণিজ্য। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবৈধভাবে বিদ্যুৎ বিক্রি করছেন একশ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী । অন্যদিকে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য গ্রামবাসীদের
নিকট থেকে হাতিয়ে নেয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে ছাতক বিদ্যুৎ অফিসের নিয়ন্ত্রণে। উপজেলার বোগলা ইউনিয়নের কান্দাগাঁও এবং আছিরনগর গ্রামে এক বছর ধরে বিদ্যুতের সংযোগ দেয়ার জন্য ছাতক বিদ্যুৎ নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারের সাথে কান্দাগাঁও গ্রামের রমজান আলীর মাধ্যমে ১২ লক্ষ টাকার চুক্তি হয়। তিন ধাপে টাকা দেয়ার চুক্তি হয়। প্রথম ধাপে মহব্বতপুর বাজার থেকে কান্দাগাঁও বাজার পর্যন্ত বিদ্যুতের খুঁটি গাড়া হলে দেয়া হয় ৭ লক্ষ টাকা। আর সংযোগের তার টানা হলে দেয়া হবে ৩ লক্ষ টাকা এবং ট্রান্সফরমার ও উদ্বোধন শেষে দেয়া হবে বাকি ২ লক্ষ টাকা। ইতিমধ্যে দুই গ্রামের পক্ষ থেকে ৭ লক্ষ টাকা দেয়া হয়েছে রমজান আলীর মাধ্যমে।
দোয়ারায় বিদ্যুৎ অফিস না থাকায় গ্রাহকদের অহেতুক হয়রানী করছে বিদ্যুৎ অফিস। মনগড়া বিল ধরিয়ে দেয়া হচ্ছে গ্রাহকদের। অনেকেই অভিযোগ করে বলেছেন, তারা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন বিল আসে এর চাইতে অনেক বেশি। অতিরিক্ত ইউনিট যা দেখানো হয় তার সবটাই বিদ্যুৎ বিভাগ চুরি করে অবৈধ গ্রাহকদের নিকট বিক্রি করেন বলে অভিযোগ ভূক্তভোগীদের।
অবশ্য ছাতক বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সকল অভিযোগই অস্বীকার করেছেন।


