দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বহরগাঁও গ্রামের বিজিবির অভিযানে মদসহ তিনজনকে আটকের পর একজনকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। বিজিবির সদস্যরা একজনকে ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বহরগাঁও গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল কাদিরের বাড়িতে প্রতিদিনের ন্যায় বেশ কয়েকজন মদ খেয়ে প্রতিবেশীদের ঘর বাড়িতে গিয়ে মাতলামি করছিল। এসময় এলাকাবাসি পার্শ্ববর্তী বোগলা ক্যাম্পের বিজিবিকে খবর দিলে বিজিবি আসার খবর পেয়ে আব্দুল কাদির ও সাথে থাকা অন্যরা দৌড়ে গিয়ে কাদিরের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। বিজিবির লোকজন মাতালদের ধরার জন্য আব্দুল কাদিরের বাড়িতে হানা দেয়। রাত অবধি দরজা খুলে না দিলে বিজিবির লোকজন রাতের অনেকটা সময় বাড়ি ঘিরে রাখেন। ভোররাতে উর্ধতন কর্মকর্তার অনুমতি নিয়ে বিজিবির লোকজন দরজা ভেঙ্গে ঘরের ভেতরে থাকা মাতাল প্রবাসী আব্দুল কাদির, জয়নাল আবেদীন ও হারুন মিয়াকে আটক করে বোগলা বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের তিন জনকে ক্যাম্পে নেয়ার পর ক্যাম্প থেকে তিন জনকে শুক্রবার সকালে দোয়ারা থানায় সোপর্দ করা হয়। কিন্তু স্থানীয় লোকজন জানতে পারেন আটককৃত তিন জনের মধ্যে দুই জনের নামে থানায় মামলা দায়ের করা হলেও প্রবাসী আব্দুল কাদিরকে আসামী না করে ছেড়ে দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সারাদিন আটককৃত তিনজনকে থানায় আটক করে রাখার পর রাতে লন্ডন প্রবাসী আব্দুল কাদিরকে রহস্যজনক ভাবে ছেড়ে দেয়া হয়। জয়নাল আবেদীন ও হারুন মিয়াকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আকবর আলী বলেন,‘ঘটনাটি আমাকে জানানো হয়েছে রাত ১২ টার দিকে। বিজিবির কথায় তারা যখন ঘরের দরজা খোলছিল না তখন আমাকে ঐ বাড়িতে আনা হয়েছে। আমি কাদিরের বাড়িতে আসার পরে বিজিবির লোকজন আমার উপস্থিতিতে দরজা ভেঙ্গে কাদির, জয়নাল, হারুনকে আটক করে রাতেই বোগলা ক্যাম্পে নিয়ে যায়। পরে জানতে পারি সকালে তিনজনকে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে। কিন্তু পরের দিন শনিবার জানতে পারি যে তিন জনের একজনকে ছেড়ে দেয়া হয়েছে।’
ঘটনার প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন বলেন,‘আমি সন্ধার পর থেকেই উপস্থিত ছিলাম, বিজিবির পুরো অভিযান দেখেছি। এমনকি বিজিবির কথায় যখন দরজা খুলছিল না তখন বিজিবির লোকজন ইউপি সদস্য আকবর আলীকে বাড়িতে আনেন, পরে বিজিবির উর্ধতন কতৃপক্ষের অনুমতি নিয়ে ভোর রাতে ঘরের দরজা ভেঙ্গে ওই তিনজনকে আটক করে বোগলা বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়ার বিষয়টি দেখেছি।’
দোয়ারাবাজার থানার ওসি মো. সেলিম নেওয়াজ বলেন,‘বিজিবির সদ্যরা তিনজনকেই আটক করে থানায় নিয়ে এসেছিলেন। পরে বিজিবি বাদী হয়ে দুইজনের নামে থানায় মামলা দায়ের করেন । আমরা দুইজনকেই আদালতে প্রেরণ করেছি।’
বিজিবির বোগলা বাজার ক্যাম্প ইনচার্য নায়েক সুবেদার মিজানুর রহমানের সাথে কথা বলতে চাইলে তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে বিজিবির ২৮ ব্যাটেলিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল নাছির উদ্দিন আহমদ দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ বিজিবির সদস্যরা অভিযানের সময় তিনজকে আটক করেছিল। কিন্তু ওই ঘটনায় অভিযুক্ত ছিল দুইজন। তাই দুইজনকেই মামলায় অভিযুক্ত করা হয়েছে। ’
- ছাতকে পোল্ট্রি ফার্মের কর্মচারীর ভাসমান লাশ উদ্ধার
- ফতেপুর ইউপি- বিদ্রোহী প্রার্থীর জন্য দলীয় প্রার্থী বেকায়দায়- পাল্টাপাল্টি অভিযোগ


