দোয়ারায় শিশু ধর্ষণ ধামাচাপা দেয়ার চেষ্টা, মামলা করতে দিচ্ছে না আসামীরা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় তৃতীয় শ্রেণির শিশুকে জোরপুর্বক ধর্ষণ করেছে এক বখাটে।  গত সোমবার বিকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামের আব্দুল আজিজের পুত্র আনোয়ারুল হক (২৮) শিশুটিকে জোর পুর্বক ধর্ষণ করে। এই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। মামলা করতে দিচ্ছে না আসামী পক্ষের লোকজন।
জানা যায়, শিশুটি খাসিয়ামারা নদীতে গোসল করতে গেলে বখাটে আনোয়ারুল হক জোরপুর্বক তাকে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। যাবার সময় শিশুটিকে ধর্ষণের ঘটনা কারো কাছে না বলার জন্য শাসিয়ে যায়। অন্যথায় শিশুটিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষক আনোয়ারুল হক। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।
এ ব্যাপারে ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন,      
‘বখাটে আনোয়ারুল হক শিশুটিকে ধর্ষণ করেছে এটা সত্যি। আমি বুধবার রাতে খবর পেয়ে শিশুটিকে দেখার জন্য তার বাড়িতে গিয়েছি। শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। আমি চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার কথা বলে এসেছি। এই ঘটনার বিষয়ে আমি দোয়ারাবাজার থানার ওসি সাহেবকেও বলেছি।’
দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ বলেন, ‘ধর্ষণের ঘটনাটি একজন ইউপি সদস্য আমাকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।’