দোয়ারায় শিশু পাচারকারী ও হত্যা মামলার আসামী আটক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার থানায় এক শিশু পাচারকারী ও কুমিল্লা থেকে পালিয়ে আসা হত্যা মামলার দুই আসামীকে আটক করেছে দোয়ারাবাজার থানার পুলিশ।
জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁও গ্রামের চার মেয়েকে গত সোমবার দুপুরে বালিউড়া বাজারে বেড়ানোর লোভ দেখিয়ে স্কুল থেকে নিয়ে যায় পাচারকারী একই গ্রামের জোবেদ আলীর মেয়ে তানজিলা আক্তার (১৮)। বালিউড়াবাজার পৌঁছা মাত্র তাদের সবাইকে সিএনজি করে ছাতক নিয়ে যায় অপরিচিত এক যুবক। ছাতকে    নিয়ে যাবার পর সেখান থেকে আরেক সিএনজি করে নিয়ে যায় সিলেটে। সিলেটের কুমারপাড়া এলাকায় মেয়েদের চিৎকার শুনে জনতা তাদের উদ্ধার করে পরিবারের কাছে খবর দিলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে। এসময় পাচারকারী তানজিলা আক্তার পালিয়ে যায়। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারা থানার ওসি এনামুল হকের নেতৃত্বে অভিযানে জাহাঙ্গীরগাঁ গ্রাম থেকে তানজিলাকে আটক করে পুলিশ।
এদিকে কুমিল্লা থেকে পালিয়ে আসা হত্যা মামলার দুই আসামী তারেক হোসেন (২৭) ও মিনা আক্তার (২৮) কে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে বাংলাবাজার ইউনিয়নের রাজারগাঁও গ্রামের জামাল উদ্দিনের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারা থানার ওসি এনামুল হকের নেতৃত্বে তাদের আটক করা হয়।