দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা হকনগর (কলোনী) স্মৃতিসৌধ এলাকায় প্রভাবশালী খোরশেদ আলম মেম্বারের নেতৃত্বে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেছে কতিপয় প্রভাবশালী। প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধ সীমানা প্রাচীর নির্মাণ করায় সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতোমধ্যেই এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের মৌখিকভাবে অবহিত করা হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে সরকারি জমির উপর অবৈধভাবে পাকা সীমানা প্রাচীর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।
এদিকে একইভাবে নরসিংপুর ইউনিয়ন পরিষদের সামনে বাজার সংলগ্ন ঘিলাছড়া স্কুল ও কলেজ মাঠের পশ্চিমে সড়কের পার্শ্ববর্তী সরকারি জমি দখল করে ঘর নির্মাণ চলছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার যুবদল নেতা খোরশেদ আলমের নেতৃত্বে সরকারি ১৮০ শতাংশ খাস জমি অবৈধভাবে দখল করে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলছে।
অপরদিকে স্থানীয় ব্যবসায়ী সেলিম আহমদ ৯০ শতাংশ খাস জমি দখল করে ‘সোনার বাংলা হলো ব্লক’ নামে একটি ব্লক বানানোর কারখানা স্থাপন করেছেন। খাস জমিতে থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করে ব্লক তৈরি করে বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
এছাড়া এলাকার ব্যবসায়ী আক্তার হোসেন দুই প্লটে সরকারি ৪২০ শতাংশ খাস জমি অবৈধভাবে দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন।
উপজেলা ক্রীড়া সংগঠনের যুগ্ম সম্পাদক মনোয়ার আলী মনর বলেন, মাঠের এক অংশে এলাকার প্রভাবশালী দখল করার জন্য পায়তারা করছিল। এলাকার যুব সমাজ নিয়ে বাধা প্রদান করলে ঐ সময় দখল করতে পারেনি। এখন আবার ঐ পক্ষটাই মাঠের জায়গায় ঘর নির্মাণ কাজ করছে। তাড়াহুড়ো করে নির্মাণ করা হচ্ছে ৯টি ঘরের।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা জানান, অভিযোগটি আমাদের কাছেও এসেছে। সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
- ফসলি জমিতে অতিরিক্ত পলিমাটি গরু ট্রাক্টরে হচ্ছে না হাল চাষ,
- মুছলেকায় মুক্তি পেয়ে মাটি ভরাট করল আটককৃতরা


