দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীর ভাঙ্গনের কবল থেকে এলাকাকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন ছাতক-দোয়ারা সড়কে ব্যবসায়ী তাজুল ইসলামের পরিচালনায় মনুফর আলী মনুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সুরমার নদীর ভয়াবহ ভাঙ্গন দীর্ঘ দিন ধরে অব্যাহত রয়েছে। নদী ভাঙ্গনের কবলে বিলীন হয়ে গেছে যোগাযোগের একমাত্র রাস্তা, মসজিদ, মাদ্রাসা গ্রামের সাধারণ মানুষের ঘর-বাড়ি। হুমকিতে রয়েছে সরকারি বরাদ্দকৃত ভরাট করা জায়গা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাসভবন। ভাঙ্গনের তীব্রতায় অচিরেই নদী গর্ভে চলে
যাবে যোগাযোগের একমাত্র রাস্তাটি। বিলীন হচ্ছে একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ও অসংখ্য বাড়ি-ঘর।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা ছালিক মিয়া, আ.লীগ নেতা আব্দুল হামিদ, কালা মিয়া, শ্রমিক সংগঠনের সভাপতি মাসুক মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছদরুল ইসলাম, হাবিবুর রহমান, নুর হোসেন মো.আব্দুল্লাহ, বদরুল ইসলাম, বকুল সাদ, সুলেমান , রসম দাস, আব্দুল ছাত্তার, আরজ আলী, আনছার মিয়া, সিরাজ মিয়া, মুহুবর রহমান, বাদশা মিয়া, সামছুল ইসলাম, আক্তার হোসেন প্রমুখ।
নদী ভাঙ্গনের ব্যাপারে নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িতপ্রাপ্ত¡) হাফিজুর রহমান বলেন,‘ দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীতে যে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে সে ব্যাপারে আমি উর্ধতন কর্মকর্তার নিকট বিষয়টি অবহিত করব।’


