দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে স্কুল শিক্ষককে হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্ররা। দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে হুমকি দেয়ার ঘটনায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাহ জাহান ও জীবন মিয়ার মধ্যে ঝগড়া হয়। এব্যাপারে শিক্ষার্থীরা বিচারপ্রার্থী হলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমলেশ রায় বিষয়টি মিমাংসা করে দেন। কিন্তু বিচার মিমাংসা মনঃপুত না হওয়ায় শিক্ষার্থী শাহজাহানের বড় ভাই ইমরানের নেতৃত্বে কিছু বখাটে শিক্ষক কমলেশ রায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে ঘটনাস্থল ত্যাগ করে বখাটেরা। স্কুল শিক্ষক কমলেশ রায়কে হুমকি ও গালিগালাজকারী ইমরান দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাহ জাহানের বড়ভাই। উপজেলার সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের আমরু মিয়ার ছেলে। অপর শিক্ষার্থী জীবন একই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। এদিকে শিক্ষককে গালিগালাজ ও হুমকি দেওয়ার ইমরানসহ বখাটেদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাদিকুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেন, প্রাক্তন শিক্ষার্থী আফতাব উদ্দিন, রুবেল মিয়া, হারুন রশিদ প্রমুখ। ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষককে লাঞ্চিত ও হুমকি দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


