দোয়ারায় ৫টি দোকানঘর আগুনে পুড়ে কোটি টাকার ক্ষতি

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে ভয়াবহ আগুনে ৫টি দোকান আগুনের পুড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেছেণ আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুরে বাজারে আগুন লাগার পর প্রায় ৪ ঘন্টায় স্থানীয় জনসাধারন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে অগ্নিকা-ের সূত্রপাত হয় বাংলাবাজারের প্রধান গলির ভেতরে জুমা এন্টারপ্রাইজ ও প্রভা এন্টারপ্রাইজ নামের পেট্রোল-ডিজেল, সার, কীটনাশক ও গ্যাস সিলিন্ডারের ডিলারের দোকানে। এসময় বাজারের আসা লোকজন চারদিকে ছোটাছুটি করতে থাকেন। অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমানের মেশিনারিজ দোকান, নিরঞ্জন শীলের সেলুনের দোকান, সাইফুল ইসলামের কম্পিউটার দোকান, সুভাষ শীলের সেলুনের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে অপর গলির এরশাদ হোসেনের টিনের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা বলেন সুরমা নদীতে ব্রিজ না থাকায় ছাতক থেকে ফায়ার সার্ভিস লাফার্জ ফেরি হয়ে ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হওয়ায় ক্ষয় ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
ছাতক ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ ফয়সল আহমদ অগ্নিকা-ের বিষয়ে বলেন, বাজারের পেট্রোল-ডিজেল ও গ্যাস সিলিন্ডারের ওই দোকানে কোন লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না।