দোয়ারা সীমান্তে ৩ বছর আগে ভেঙেছে বাঁধ- ৭০০ হেক্টর বোরো জমি চাষাবাদের বাইরে

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের খাসিয়ামারা নদীর রাবারড্যামের বামপাশের বেড়িবাঁধ ভাঙনের কারণে উপজেলার ৩ টি ইউনিয়নের শতাধিক মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকার প্রায় ৭০০ হেক্টর বোরো জমিতে গত ৩ বছর ধরে চাষাবাদ হচ্ছে না। নির্মাণের কিছুদিন পরই বাঁধটি ভেঙে যায়। বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি আগামী বর্ষা মৌসুমের আগেই যেন রাবারড্যাম সংলগ্ন বেড়িবাঁধের নির্মাণ শেষ হয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান অবশ্য জানিয়েছেন রোববারই তাঁরা এই বাঁধের জন্য দুই কোটি টাকার প্রাক্কলন তৈরি করে এলজিইডি সদর দপ্তরে পাঠিয়েছেন।
চেরাপুঞ্জির ভারী বৃষ্টিপাত ও পাহাড়ীঢল নামে দোয়ারাবাজারের খাসিয়ামারা নদী দিয়ে। এই নদী শাসনের জন্য নদীর তীরের টিলাগাঁওয়ের পাশে ২০০৫ সালে নির্মিত হয় রাবারড্যাম। ২০১৫ সালে পাহাড়ীঢলে রাবারড্যামের বামপাশের বাঁধ ৩০০ ফুটের মতো ভেঙে যায়। পরে এই বাঁধ আবার নির্মাণ করা হয়। নির্মাণের কিছুদিন পরই আবার পাহাড়ীঢলে ভাসিয়ে নিয়ে যায় বাঁধ।
এই বাঁধ ভাঙায় লক্ষীপুরের হাওর, মহব্বতপুর হাওর, খাগুড়া হাওর, রকাই হাওর, এরুয়াখাই হাওর, টিলাগাঁও ও গোজাউড়া হাওরের প্রায় ৭০০ হেক্টর বোরো জমি তিন বছর ধরে আবাদ হচ্ছে না।
বৃষ্টি বা বর্ষা মৌসুমে উপজেলার সুরমা, লক্ষীপুর ও দোয়ারা সদর ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ দুর্ভোগের শিকার হন।
ভারতের চেরাপুঞ্জিতে সামান্য বৃষ্টি হলেই গত তিন বছর ধরে  শিমুলতলা, কাউয়াগড়, ইসলামপুর ও গিরিসনগরসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়।
লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাজাহান বলেন,‘এই বাঁধ দোয়ারাবাজারের সীমান্ত গ্রামগুলোর জন্য মরণফাঁদ। গত তিন বছর ধরে সুরমা, লক্ষীপুর ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের লক্ষাধিক মানুষ বোরো আবাদ কেবল নয়, চলাচলেও ভোগান্তি পোহাচ্ছেন।’
দোয়ারাবাজারের গণমাধ্যমকর্মী আশিক মিয়া বললেন, ‘রাবারড্যামের বাম পাশের বাঁধ ভাঙার পর থেকে গত তিন বছর ধরে উপজেলার সীমান্ত এলাকার মহব্বতপুর বাজার, সড়ক এমনকি বাড়ির উঠোনেও বর্ষা মৌসুমে কোমর থেকে হাটু সমান পানি থাকে। চেরাপুঞ্জিতে সামান্য বৃষ্টি হলেই এই এলাকায় এমন অবস্থার সৃষ্টি হয়।’
এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন,‘দোয়ারাবাজার সীমান্তবাসীর জন্য খাসিয়ামারা রাবারড্যাম এবং এর পাশের বাঁধ খুবই জরুরি। আমরা এবার রাবারড্যামের পাশের বাঁধকে প্রথমে মাটি দিয়ে পরে এর উপরে আরসিসি ঢালাই করে দেবার প্রাক্কলন করেছি। এর উচ্চতা হবে রাবারড্যামের সমান-সমান। ২ কোটি টাকার এই প্রাক্কলন আজ (রোববার) এলজিইডি সদর দপ্তরে পাঠানো হয়েছে। আমরা আশা করছি, এই মাসেই এটি অনুমোদিত হবে।’