দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে সিএনজি ও মোটরসাইকেল দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগে করা হয়েছে। সম্প্রতি উপজেলার কাপনা গ্রামের বিসিআইসির সাবেক ডিলার মো. গিয়াস উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিশ্বম্ভরপুর থেকে সুনামগঞ্জ জেলা সদরে যাতায়াতের একমাত্র অবলম্বন সিএনজি, অটোরিক্সা ও মোটরসাইকেল। মাত্র ১৬ কিলোমিটার সড়ক পথে জনপ্রতি ৬০ টাকা করে ভাড়া আদায় করা হয়। সরকারি নীতিমালা অনুযায়ী সিএনজি যানবাহনের ক্ষেত্রে জেলার বিভিন্ন রোডে প্রতি কিলোমিটার ২ টাকা ২০ পয়সা হারে ভাড়া আদায় করার কথা। কিন্তু বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে তা মানা হচ্ছে না। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে প্রায় প্রতিদিনই যাত্রী ও চালকদের মাঝে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে।
অভিযোগে সরকার ও বিআরটিএ কর্তৃক নির্ধারিত হারে সিএনজি ও মোটরসাইকেলের ভাড়া আদায় নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ বলেন, অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।