দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা বাংলাদেশের

সু.খবর ডেস্ক
ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন পর্যন্ত ভালো মতোই ম্যাচে ছিল বাংলাদেশ। চতুর্থ দিন প্রোটিয়াদের ২০৪ রানে অলআউট করে ভালো কিছুর আশা দিয়েছিলেন বোলাররা। কিন্তু চতুর্থ দিন ৬ ওভারে ১১ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচের লাগাম ছেড়ে দেয় বাংলাদেশ।
শেষ দিন প্রথম সেশনের ১৩ ওভারে মাত্র ৫৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষ বেলায় দুই উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার বাঁ—হাতি স্পিনার কেশব মহারাজ শেষদিন তুলে নিয়েছেন আরও পাঁচ উইকেট। অন্য তিন উইকেট নিয়েছেন স্পিনার সিমন হার্মার। পঞ্চশের পরে ধসে গিয়ে টেস্টে বাংলাদেশ দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড গড়েছে।
২০১৮ সালে কোচ হিসেবে স্টিভ রোডসের প্রথম সিরিজে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে বাংলাদেশ ৪৩ রানে অলআউটের লজ্জায় ডুবেছিল। সেবার প্রথম ইনিংসে সাকিব আল হাসানের দল ওই লজ্জায় পড়েছিলেন। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেছিলেন ওপেনার লিটন দাস। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছিল ১৪৪ রান।
এবার ডারবানের কিংসমিডে বাংলাদেশ ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৩ রানে অলআউট হয়েছে। সেবারও দলের পাঁচ ব্যাটার শূন্য করেছিলেন। এবারও পাঁচজন শূন্য করে ফিরেছেন। এবার দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেছেন নাজমুল শান্ত।
টেস্টে এই নিয়ে ১২বার একশ’ রানের নিচে অলআউটের লজ্জায় ডুবলো বাংলাদেশ। লাল—সবুজের প্রতিনিধিরা ২০০০ সালে অভিষেক টেস্টেই একশ’র নিচে (৯১ রান) অলআউট হয়েছিল। এরপর ২০০১, ২০০২, ২০০৩ ও ২০০৫ সালে ওই লজ্জায় ডুবেছে। তবে ২০০৭ সালের পরে দশ বছর একশ’র নিচে অলআউট হয়নি। এরপর পাঁচ বছর আগে (২০১৭ সালে) দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ৯০ রানে থেমেছিল বাংলাদেশ।
সূত্র : সমকাল