দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা-মিলন

স্টাফ রিপোর্টার
বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপি আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পৌর শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কয়েক গজ জায়গা সামনে গেলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ সভাপতি ও বিক্ষোভ মিছিল কর্মসূচির টিম লিডার আকবর আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি অ্যাড শেরেনুর আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সকল কিছুর দাম নাগালের বাইরে। সারা বাংলাদেশের সকল উপজেলার মানুষ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে। এই সরকারকে রেখে যেভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তেমনি এই সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করাও সম্ভব না। এই সরকারের নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে কোনো না কোনো ভাবে জড়িত।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড মাসুক আলম, আ ত ম মিছবাহ, সৈয়দ তিতুমীর, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা পুলিশের উদ্দেশ্যে বলেন, আমরা কোনো উস্কানিমূলক কাজ করছি না। আমাদের বাধা দিবেন না। আপনারা আপনাদের দায়িত্ব নিরপেক্ষ ভাবে পালন করুন। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে আমাদের বাধা না দিয়ে আমাদের সাহায্য করুন। আপনাদের মতো আমরাও স্বাধীন দেশের মানুষ।