দ. সুনামগঞ্জের রাজনীতি জঙ্গিবাদ বিরোধী তৎপরতা নেই

ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ইস্যুতে উত্তাল গোটা দেশ। পুলিশ একের পর এক অভিযান চালিয়ে বের করে আনছে নতুন নতুন সব তথ্য, স¤পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ‘জিরো টলারেন্সে।’ কোনো ছাড় দেওয়া নয়, জঙ্গিবাদ নির্মূলই একমাত্র উদ্দেশ্য।
এ নিয়ে নিজ দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের সকল নেতাদের জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি। দেশবাসীকে জানিয়েছেন এক হওয়ার আহ্বান। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও সন্ত্রাস ও জঙ্গিবাদের ব্যাপক নিন্দা করছেন। দেশ রক্ষায় তার কণ্ঠেও বইছে আলোচনার সুর।
কিন্তু দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সকল রাজনৈতিক দলের নেতাদের মাঝে কমিটি গঠন, সেমিনার, কাউন্সেলিং বা জনসচেতনতা বাড়ানোর জন্য চোখে পড়ার মতো তেমন কোনো কর্মকান্ড লক্ষ্য করা যায় নি।  
তবে দু’এক জায়গায় মিছিল হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। এতেও দেখা গেছে অনুপস্থিত ছিলেন উপজেলার সক্রিয় রাজনীতির অনেক পরিচিত মুখ।
বিভিন্ন অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান জঙ্গিবাদ বিরোধী বক্তব্য ও এ ব্যাপারে সকলকে এক হওয়ার আহ্বান জানালেও পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জনমত গঠন এবং জঙ্গিবাদ বিরোধী রাজনৈতিক কমিটি গঠনে উপজেলা আওয়ামী লীগের তৎপরতা দেখা যায় নি। এতে একদিকে যেমন মানা হচ্ছে না প্রধানমন্ত্রীর নির্দেশ অপরদিকে দেশের সাধারণ নাগরিক হিসাবেও পালন হচ্ছে না নাগরিক দায়িত্ব।
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ২১ জুলাই বৃহ¯পতিবারের মধ্যে দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠনের কথা।
এ নিয়ে জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো মাহবুবুল আলম হানিফ স্বাক্ষরিত এক চিঠিতে দেশের বর্তমান অবস্থা কাটিয়ে উঠতে, জনসচেতনতা গঠনের লক্ষে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কথা বলা হয়। যে কমিটির কাজ হবে নৈরাজ্য, জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে জনগণকে সচেতন করা।
কিন্তু দক্ষিণ সুনামগঞ্জের কোনো ইউনিয়নেই আওয়ামী লীগ এখনো কোনো কমিটি গঠন করতে পারেন নি। যদিও নেতারা বলছেন যে, তারা ইতোমধ্যে আলোচনা শুরু করেছেন। দু’একদিনের মধ্যেই কমিটি দেওয়া হবে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিম বলেন, ‘আমরা এ বিষয়ে অবগত আছি। শুক্রবার নেতা-কর্মীদের নিয়ে আলোচনা করেছি। আগামী সপ্তাহের মধ্যেই সমস্ত উপজেলায় কমিটি দিতে পারবো বলে আশা করছি।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ বলেন, ‘আমরা ইতোমধ্যে জঙ্গি বিরোধী বিভিন্ন সভা সেমিনার করছি। জনগণকে জঙ্গিবাদ বিরোধী কাজে উৎসাহিত করছি। তবে এ ব্যপারে কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে এখনও কোন আনুষ্ঠানিক নির্দেশ পাইনি।’
জেলা জমিয়তের সহ সাধারণ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান, উপজেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাও. আবদুল্লাহ ও উপজেলা যুব জমিয়তের সাধারণ স¤পাদক মাও. খলিলুর রহমান বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আমরা জেলা পর্যায়ে জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল করেছি। আগামী শুক্রবার উপজেলা পর্যায়ে মিছিল করা হবে। তবে কমিটি গঠনে কোনো কেন্দ্রীয় নির্দেশনা পাই নি।’
সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বলেন,‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ২১ তারিখই কমিটি হতো। প্রাকৃতিক দুর্যোগের কারণে আর বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বসতে পারিনি। শিঘ্রই কমিটি গঠন করা হবে।’