সু.খবর রিপোর্ট
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পাগলা উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ক্রমশ: বাড়ছে করোনা টিকা গ্রহণে আগ্রহীদের ভিড়। গত রবিবার প্রথম দিন ৫০ জন, ২য় দিন সোমবার ৩০ জন টিকা গ্রহণ করেন। তবে মঙ্গলবার উপছে পড়া ভিড় ছিলো টিকা গ্রহণকারীদের। এ দিন ১৩০ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়াও ১০০ জনেরও বেশি মানুষ টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে পাগলা উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে টিকা গ্রহণকারীদের উপছে পড়া ভিড়। সরকারি চাকুরীজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন পেশার মানুষ টিকা গ্রহণ করেছেন। তাদের মাঝে একটি আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী, রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, আগে ৫৫ বছরের ঊর্ধ্বে বয়সসীমা থাকায় মানুষের উপস্থিতি কম ছিলো। বয়সসীমা ৪০ বছরে নামিয়ে আনায় ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা বাড়ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন বলেন, মানুষকে সচেতন করার জন্য প্রচারণা অব্যাহত আছে। উপজেলার রাজনীতিবিদরা আমাদের সহযোগিতা করছেন। তারাও প্রচারণা করছেন। সকলকে ভ্যাকসিন গ্রহণ করার আহ্বান রইলো।
এদিকে জগন্নাথপুরে টিকাদান কেন্দ্রও টিকা গ্রহণে আগ্রহীদের ভিড় বাড়ছে। মঙ্গলবার জগন্নাথপুরে টিকা নিয়েছেন ১৮০ জন। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি টিকাদান কেন্দ্রে সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষ টিকা নিয়েছেন। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৬০ জন। দ্বিতীয় দিনে ৫৯ জন টিকা নেন। এখন পর্যন্ত কারও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ’ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। এরমধ্যে ৪ হাজার ৪শ’ জনকে এই ভ্যাকসিন দুই করে দেওয়া হবে। গত তিনদিনে ৩০৯ জন টিকা দিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জানান, টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে। মানুষ স্বত:স্ফূর্তভাবে টিকা দিচ্ছেন। জীবন সুরক্ষায় এই টিকা সবার জন্য দরকার। প্রতিটি টিকাদান কেন্দ্রে দুইজন প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী ও চারজন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।
- জগন্নাথপুরে গরু চুরি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান
- দ.সুনামগঞ্জে টিকা গ্রহণে উদ্ভুদ্ধ করতে প্রচারণা


