দ.সুনামগঞ্জে কিশোর খুন ঘাতক পলাতক

দ.সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই পয়েন্টে মো. ইমন আহমদ (১২) নামে এক কিশোর খুন হয়েছে। নিহত কিশোর উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার মুক্তাখাই পয়েন্টে মুক্তাখাই গ্রামের আজাদ মিয়ার ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রী সায়মন মিয়া (২৫) এর সহকারি হিসাবে কাজ করতো নিহত কিশোর ইমন আহমদ। গত মঙ্গলবার রাতে দোকান মালিক আজাদ মিয়ার বাড়ীতে খাবার খেয়ে কাঠমিস্ত্রী সায়মন মিয়া ও নিহত কিশোর ইমন আহমদ দোকানে এস ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময়ে কাঠমিস্ত্রী সায়মন মিয়া কিশোর ইমন আহমদকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘাতক সায়মন মিয়া (২৫) ছাতক উপজেলার বড়কাপন গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ নিহত মো. ইমন আহমদ (১২) এর লাশ মর্গে প্রেরণ করা হয়। নিহত কিশোর ইমন মিয়ার মায়ের অন্যত্র বিবাহ হওয়ায় সে ছোট বেলা থেকে তার নানার বাড়ি মুক্তাখাই গ্রামের আরজ আলীর বাড়ীতে বসবাস করত।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।