স্টাফ রিপোর্টার
দিরাইয়ে জলমহালের দখল-বেদখল ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের বন্দুক যুদ্ধের ঘটনায় তিনজন নিহত হলেও থেমে নেই জলমহালের দ্বন্দ্ব। দিরাইয়ের পর এবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চাতল ঢেডালা হুগলিয়া জলমহাল অবৈধভাবে লুটপাট করা ও মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রবিবার এলাকার আস্তমা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল মতিন রবিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, চাতল ঢেডালা হুগলিয়া জলমহালটি প্রকল্পের আওতায় ১৪২৩ বাংলা থেকে ১৪২৮ বাংলা পর্যন্ত ৬ বছরের ইজারা নেয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেন আস্তমা মৎস্যজীবী সমবায় সমিতি। বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এই জলমহালটি বর্তমানে কোন ধরনের ইজরা ব্যবস্থায় নেই, এমনকি কাউকে খাস কালেকশনের আওতায় মাছ ধরার অনুমতি দেয়া হয় নি। কিন্তু হিলিপ প্রকল্পের নিয়ন্ত্রণাধীন উজানীগাঁওয়ের চাতল ঢেডালা হুগলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি উজানীগাঁও গ্রামের রফিক ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ লিটন ওই জলমহালের বাঁধ কেটে বিল শুকিয়ে মাছ ধরছেন। কোন ধরনের খাস কালেকশন ও ইজারা না নিয়ে অবৈধভাবে মাছ ধরায় এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যে কোন সময় আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে।
উজানীগাঁওয়ের চাতল ঢেডালা হুগলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সালেহ আহমদ লিটন বলেন,‘আমরা ওই জলমহালের দখলে আছি, তবে মাছ ধরিনি। এলাকার সবাই মাছ ধরছে। এই জলমহালটি আগে আমাদের বন্দোবস্ত ছিল, আবারো এটি আমরাই বন্দোবস্ত আনার চেষ্টা করছি। আব্দুল মতিন অন্যের হয়ে আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছে।’
- শ্রীশ্রী অদ্বৈত জন্মধামের সীমানা নির্ধারণ সম্পন্ন
- বিদ্যালয়ে বই বিক্রি করছেন সরকারি এসসি বালিকার প্রধান শিক্ষক


