দ.সুনামগঞ্জে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ আটক ২

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে জলমহালে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিনভর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার পর দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার জয়কলস মৌজার দেখার হাওরের তেডালা হুগলিয়া চাতল বিলে জলমহাল দখল করা নিয়ে দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে।
স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ, শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার     জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের মৃত ছত্তার মিয়ার ছেলে জহির উদ্দিনের নেতৃত্বে সুনামগঞ্জ শহর থেকে ৩০-৩৫ জন লোক মোটর সাইকেল বহর নিয়ে দেখার হাওরের তেডালা হুগলিয়া চাতল বিলে গিয়ে বিলের মৎস্যজীবি সমিতির লোকজনকে বিলের দখল ছাড়ার কথা বলে হুমকি-ধামকি দেয়। এ নিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে পুরো এলাকাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে এলাকার লোকজন উজানীগাঁও গ্রামের মৃত ছাত্তার মিয়ার পুত্র জহির উদ্দিন (৪২) ও সুনামগঞ্জ শহরের আরপিননগরের সুহেল আহমদকে আটক করে। এ সময় জহির উদ্দিনের পক্ষের লোকজনের কয়েকটি মোটরসাইকেলও ভাংচুর করে এলাকাবাসী।
খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আটক দুই জনকে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে তুলে দেয় এলাকাবাসী।
সংঘর্ষে আহত হন জয়কলস উজানীগাঁও তেডালা হুগলিয়া চাতল বিল মৎস্যজীবি সমবায় সমিতির মতিউর রহমান (৪৪), নুর মিয়া (৩০), আব্দুছ ছালাম (৩৫) ও জমসেদ আলী (৫৫)। তাদেরকে কৈতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল-আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘২ জনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।