দ. সুনামগঞ্জে তিন শিশুর সলিল সমাধি

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর সলিল সমাধি হয়েছে। উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতপি গ্রামে এ ঘটনা ঘটে। রোববার বিকাল পাঁচটায় সুনামগঞ্জ-সিলেট সড়ক লাগোয়া খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিন শিশু হলো দামোধরতপি গ্রামের তজিবুর রহমানের মেয়ে হালিমা (৮) ও ছেলে সাজিদ (৬), পার্শ্ববর্তী মাহমুদ পুর গ্রামের জহির আলীর ছেলে শাহেদ আলী (৯)।
পুর্বপাগলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল
মিয়া জানান, রোববার সুনামগঞ্জ-সিলেট সড়কের ওপর গ্রামের নারী-পুরুষেরা ধান শুকাচ্ছিলেন। এ সময় গ্রামের শিশুরাও তাদের সঙ্গে ছিল। বিকাল চারটার দিকে ওই তিন শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সড়কের একটি পাশে খালের পানিতে তিনজনের লাশ পান তাঁরা।
রফিকুল ইসলাম খান বলেন,‘ঘটনাটি খুবই মর্মান্তিক। হয় তো খেলতে গিয়ে শিশুরা ওই খালের পানিতে পড়ে গিয়েছিল।’ খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবাদত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সেখানে ছুটে যান।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, মনে হয় খালের পড়ে খেলতে গিয়েই শিশুরা পানিতে পড়ে গিয়েছিল। কেউ তাদের দেখতে পায়নি। তিন শিশুর দাফন সম্পন্ন হয়েছেন।