দ. সুনামগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলামের নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
রবিবার বেলা ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় মিজান ফার্মেসীকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়ায় আব্দুল্লাহ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাবার যেন বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।