দ.সুনামগঞ্জে ভূমি বিরোধের জের প্রতিপক্ষের হামলায় আহত ৪

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জের উজানীগাঁওয়ে ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় ৪ জন আহত হয়েছে। আহত ৪ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উজানীগাঁওয়ের সেজুল মিয়ার বাড়ির সামনের ভূমির দখল নিয়ে তার চাচাতো ভাই সুফি মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বের জের ধরে শুক্রবার বিকালে প্রতিপক্ষের    লোকজনের হামলায় মছব্বির মিয়া (৪০), সেজুল মিয়া (৩৬), শিঝিন মিয়া (৩৬) ও রুখশানা বেগম (৩০) আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উজানীগাঁওয়ের সেজুল মিয়া বলেন,‘আমার বাড়ির সামনে ঘর বানিয়ে রেখেছে সুফি মিয়ার লোকজন, বার বার বলার পরও তারা ছাড়ে না, শুক্রবার বিকালে তৈয়বুর, সহিবুর ও সুফি মিয়াসহ তাদের লোকজন অস্ত্র-সস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে আমাদের বেধরক মারপিঠ করেছে’।
অন্যদিকে, সুফি মিয়া বলেছেন- ‘বাড়িতে ঢুকে মারপিট নয়, আসলে মারামারি হয়েছে, যাদের সঙ্গে মারামারি হয়েছে তারা আমাদের চাচাতো ভাই, তারাই বাড়ির সামনে ডিসি’র খতিয়ানের ভূমিতে আমাদেরকে ঘর করার জন্য বলেছিল, এখন ওঠে যাওয়ার চাপ দেওয়ায় দুই পক্ষে মারামারি হয়েছে’