দ. সুনামগঞ্জে যুব লীগের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব.. কমিটি স্থগিতের নির্দেশ সংগঠনের চেয়ারম্যানের

বিশেষ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব লীগের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। জেলা আহ্বায়ক কমিটির বাছাই করা নেতৃত্বের কমিটি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক।
গত পহেলা সেপ্টেম্বর এই উপজেলার সম্মেলন হয়। সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, ৩ জন সংসদ সদস্য এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্যসহ ৩ জন কেন্দ্রীয় নেতা অতিথি ছিলেন। শনিবার এই উপজেলার কমিটিও (সভাপতি ও সম্পাদকের নাম) সংগঠনের নেতা কর্মীদের জানিয়ে দেন দায়িত্বশীলরা। এরপরই নেতৃত্ব পেতে আগ্রহীদের নানা তৎপরতা শুরু হয়। বিক্ষুব্ধ পদবঞ্চিতরা ঢাকায় গিয়ে এই বিষয়ে নালিশ জানান কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুকের কাছে।
সংগঠনের একাধিক সূত্র জানায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক শনিবার রাত ৯ টায় জেলা যুব লীগের আহ্বায়ককে কমিটি স্থগিত রাখার নির্দেশ দেন।
জেলা যুব লীগের নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে প্রথম সম্মেলন ছিল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়। সম্মেলনকে বর্ণাঢ্য করার জন্য স্থানীয় সংসদ সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে প্রধান অতিথি এবং মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা এমপি এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু ও জেলা যুব লীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে বিশেষ অতিথি রাখা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুব লীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার ইমনকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। সম্মেলনের দিন এ বিষয়ে মুঠোফোনে অনেকের কাছেই দুঃখ প্রকাশ করেছেন ব্যারিস্টার ইমন।
সম্মেলনের আলোচনাপর্ব শেষে জেলা আহ্বায়ক খায়রুল হুদা চপল পরদিন কমিটি ঘোষণা হবে বলে জানিয়ে দেন।
২ দিন পর শনিবার বিকালে কমিটির সভাপতি হিসাবে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ১৯৯০’এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা অ্যাড. বোরহান উদ্দিন  দোলন এবং সাধারণ সম্পাদক হিসাবে দক্ষিণ সুনামগঞ্জ ছাত্র লীগের সাবেক আহ্বায়ক নূর হোসেনের নাম সংগঠনের নেতা কর্মীদের জানানো হয়। কিন্তু গণমাধ্যমে লিখিত কোন প্রেসবিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
শনিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুকের কাছে নতুন কমিটিতে যুব লীগের ত্যাগী কর্মীদের স্থান হয়নি উল্লেখ করে অভিযোগ জানানো হয়। সভাপতি পদ পেতে আগ্রহী সোহেল রানা এই অভিযোগ কেন্দ্রে জানান বলে সংগঠনের একাধিক নেতাকর্মী জানান।
সোহেল রানা’র মুঠোফোন বন্ধ থাকায় এই বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ পেয়ে কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক ক্ষুব্ধ হন এবং রাতেই জেলা যুব লীগের আহ্বায়ককে কমিটি স্থগিত রাখার নির্দেশ দেন।
জেলা যুব লীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন,‘দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব লীগের কমিটি এখনো ঘোষণা দেওয়া হয়নি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে যোগ্যদের দিয়েই কমিটি হবে’।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুব লীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘শুনেছি সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কমিটি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন’। তিনি বলেন,‘যারা যুব লীগের রাজনীতি করেছে, সংগঠন বড় করেছে, তাদের মধ্য থেকে যোগ্যদের দায়িত্ব দিলে গ্রহণযোগ্যতা পাবে’।