কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের পূর্বপাড়ার বেতের ঝোপে বাঘ আতংকে রয়েছেন গ্রামবাসী। কোমলমতি শিক্ষার্থীরা ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।
বুধবার পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ এলাকার শতাধিক ব্যক্তি এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন।
জানা যায, পূর্ব পাগলা ইউনিয়নের রনসী পূর্ব পাড়ার বাসিন্দা মৃত সরক আলীর ছেলে নুরুল ইসলাম ও মৃত তেরাব আলীর ছেলে সুন্দর আলীর প্রায় এক একর জায়গা নিয়ে বেতের ঝোপ ঝাড় জাতীয় জঙ্গল রয়েছে। এতে দীর্ঘদিন যাবত বাঘ সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। এই বেতের ঝোপের আশ পাশের বাড়ী ঘরে বসবাসকারীদের গবাদিপশু খেয়ে ফেলছে বন্যপ্রাণীরা। বেতের ঝোপ জাতীয় জঙ্গল পরিষ্কার করার জন্য বারবার নুরুল ইসলাম ও সুন্দর আলীকে বলার পরও তারা পরিস্কার করেনি। কয়েকদিন আগে বাঘ একটি ছাগলকে মেরে ফেললে এলাকাবাসী একটি মেছু বাঘকে আটক করে।
এ ব্যাপারে নুরুল ইসলাম বলেন, এই জায়গা নিয়ে আদালতে মামলা ও নিষেধাজ্ঞা রয়েছে তাই ঝোপ ঝাড় পরিষ্কার করা যাচ্ছে না।
সুন্দর আলী বলেন, জায়গা নিয়ে আদালতে মামলা রয়েছে। আমি গ্রামের পাঞ্চায়েতকে বলেছি তারা যা করবেন আমি মেনে নেব।
উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এক পক্ষ চাচ্ছে জঙ্গল পরিস্কার করার জন্য আরেক পক্ষ চাচ্ছে না। আমি পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যানকে বলেছি উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি নিস্পত্তি করার জন্য।
- জামালগঞ্জে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা
- পাইলগাঁও জমিদার বাড়ি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ


