দ. সুনামগঞ্জে সড়কের কাজে নিম্নমানের ইট ব্যবহার

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতকের মধ্যবর্তী পিঠাপশী রাস্তার ৪ শত মিটার কাজ না হওয়ায় অর্ধ যুগেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে ছিলো । এজন্য দুর্ভোগের অন্ত নেই এ রাস্তায় চলাচলকারী খাড়াই, পিঠাপশি, ঘোড়াডুম্বুর, নাজিমপুর, জাইল্যা, চাতারখই, গণিপুর, সাদারাই ও ছয়হাড়ার কিছু অংশসহ প্রায় ৯টি গ্রামের মানুষের। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে তাদের। দীর্ঘ দিন পর পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় কয়েকদিন আগে ৪৪ লক্ষ টাকা ব্যয়ে শুরু হয় রাস্তা নির্মাণের কাজ। কিন্তু চলমান কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান রেনু মিয়া এন্টারপ্রাইজ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা শুরু করেন। এ কারণে এলাকাবাসীর হস্তক্ষেপে কাজ বন্ধ করে দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী।
সরেজমিন দেখা যায়, দূর থেকে মাটি আনার কথা থাকলেও রাস্তার পাশ থেকেই বড় বড় গর্ত করে শ্রমিক দিয়ে মাটি কাটাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে ঝুঁকির মধ্যে রয়েছে রাস্তাটি। এলাকাবাসী বলেন, রাস্তার পাশে ২ ফুট মাটি দেয়ার কথা থাকলেও মানা হচ্ছে না নিয়ম। এছাড়া নি¤œমানের ইট লাগনো হয়েছে গার্ড ওয়ালে।
রফিক মিয়া নামের একজন বলেন, ঠিকাদারের লোকেরা কারও কথা না মেনে নিজের খেয়াল খুশিমতই কাজ করছে। যার ফলে আমরা এখন আরও সমস্যায় পড়েছি।
রেনু এন্টারপ্রাইজের সত্বাধিকারি রেনু মিয়া বলেন, ইট ভালো ছিল না বলে কাজ বন্ধ রাখা হয়েছে। আমরা এখন ভালো মালামাল দিয়ে কাজ করবো।
দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শামীম হাসান বলেন, রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করার অভিযোগে কাজ বন্ধ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান যদি রাস্তার পাশ থেকেই মাটি তুলে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।