ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নাস্তিক তকমা দিয়ে জাহানুর আহমেদ মনির নামের এক যুবকের ওপর হেফাজত ইসলামের সমর্থকদের হামলার ঘটনায় অভিযুক্ত সুলতান রাজাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুলতানা রাজা পুলিশের হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত থাকা এমদাদুল হক নামের আরেক আসামিকে গ্রেফতার করে পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত শুক্রবার বিকেলে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজারে জাহানুরের ওপর অতর্কিত হামলা চালায় হেফাজত ইসলামের সমর্থকেরা। এ ঘটনায় ওইদিন রাতেই ধর্মপাশা থানায় মামলা করেন জাহানুর।
ওই ইউনিয়নের রংপুরহাটি গ্রামের জাগবর আলীর ছেলে জাহানুর সুনামগঞ্জে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে চাকরি করে। তিনি গত ২ মে হেফাজত ইসলামের সাবেক নেতা মামুনুল হকসহ অন্যান্য নেতাদের নিয়ে বিভিন্ন গণমাম্যমে প্রচারিত সংবাদ তার ফেসবুকে শেয়ার করেছিলেন। এতে করে ক্ষুব্ধ হয়েছিল স্থানীয় হেফাজত সমর্থকেরা। একই ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত বৈশাখ আলীর ছেলে এমদাদুল হক জাহানুরকে মুঠোফোনে মারধরের হুমকি দিয়ে তটস্থ করেছিল। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি হেফাজত সমর্থকেরা। জাহানুরকে নাস্তিক তকমা দিয়ে তার বিচার দাবি করে ফেসবুকে প্রচারণাও চালায় তারা। জাহানুর ভয় পেয়ে ঈদে বাড়ি পর্যন্ত আসেননি। কিন্তু গত শুক্রবার জাহানুর তার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাড়ি আসে। ওইদিন বিকেলে জাহানুর তার বন্ধুকে নিয়ে রাজাপুর বাজারে গেলে সেখানে তার ওপর হামলা চালায় এমদাদুল হক, রংপুর গ্রামের সালাম উদ্দিনের ছেলে সাইদুর রহমান রোমান ও রহমতপুর গ্রামের রাজু আহমেদের ছেলে সুলতান রাজা। এতে গুরুতর আহত হন জাহানুর। ঘটনার দিন রাতেই এমদাদুল হক, সাইদুর রহমান রোমান ও সুলতান রাজাসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ধর্মপাশা থানায় মামলা করেন জাহানুর।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, ‘সুলতান রাজাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এমদদাদ এখনো পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সুলতান ও এমদাদ দুজনকেই গ্রেফতার করা হয়েছে। সুলতানকে আদালত কারাগারে পাঠিয়েছেন। এমদাদকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
- দুর্যোগ ঝুঁকি প্রশমনে জনগণকে আরো বেশি সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী
- ৩ মাসে ৪ খুন, ২ ধর্ষণ, জামালগঞ্জ অশান্ত


