ধর্মপাশা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্মপাশা উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বাছাই উপলক্ষ্যে তৃণমূল পর্যায়ের একাংশের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় স্থানীয় দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস জানান, কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সুখাইড়
রাজাপুর উত্তর ইউনিয়নে প্রাথমিকভাবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরহাদ হোসেন ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে মোকাররম হোসেনকে একক প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে। তবে অন্য চারটি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় একক প্রার্থী বাছাই করা হয়নি।
আগামী ৪ জুন ৬ষ্ঠ দফায় এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


