ধর্মপাশায় ইয়াবাসহ বারহাট্টা ছাত্রলীগের সভাপতি আটক

ধর্মপাশা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সভাপতি মহসিন হোসেনকে ছয় পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে ধর্মপাশা কংস ব্রীজের ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সহযোগী কমল মিয়া নামের আরো একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আটকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, নেত্রকোনার বারহাট্টা উপজেলার  চন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সভাপতি মহসিন হোসেন ও মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের বাসিন্দা কমল মিয়া (৩২) মোটর সাইকেলে করে বারহাট্টা-ধর্মপাশা সড়ক দিয়ে  মোহনগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়।
খবর পেয়ে পুলিশ তাদের কংস সেতুর ওপর থেকে আটক করে। পরে তাদের দুজনের দেহ তল্লাশি করে ছয়টি ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে ধর্মপাশা থানার এএসআই মুখলেছুর রহমান বাদী হয়ে ওই দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেন।
ধর্মপাশা থানার ওসি  মো. গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।