ধর্মপাশায় এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনে অর্থ আদায়ের অভিযোগ

ধর্মপাশা প্রতিনিধি
বকেয়া আদায়ের নামে ধর্মপাশা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে প্রবেশপত্র বাবদ ৩০০ টাকা আদায় করা হচ্ছে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা। প্রতি বছরই এ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র উত্তোলনে অর্থ আদায় করার বিষয়টি নিয়ে অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, এ কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও হিসাব বিজ্ঞান শাখায় মোট ৩৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গত সোমবার সকাল থেকে প্রবেশ পত্র বিতরণ শুরু হলে পরীক্ষার্থীরা প্রবেশ পত্র সংগ্রহ করতে কলেজে আসেন। প্রবেশপত্র উত্তোলনে টাকা লাগার বিষয়টি আগে থেকে জানা না থাকার কারণে টাকা ছাড়া কলেজে এসে বিপাকে পড়েন কোনো কোনো পরীক্ষার্থী। পরে তাঁরা কলেজ কর্তৃপক্ষের দাবির টাকা পরিশোধ করে প্রবেশ পত্র উত্তোলন করেন। কলেজ কর্তৃপক্ষ ‘কেন্দ্র ফি’র নামে টাকা আদায় করছেন বললেও পরীক্ষার্থীদের দেওয়া রশিদে ‘বকেয়া’ বলে উল্লেখ করা হচ্ছে। এছাড়াও প্রতি বছর এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের নম্বরপত্র ও সনদপত্র উত্তোলনেও ৩০০ থেকে ৩৫০ টাকা করে আদায় করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী জানান, কলেজের সকল বকেয়া পরিশোধ করে ফরম পূরণ করলেও প্রবেশপত্র বাবদ কেন টাকা রাখা হচ্ছে তাঁরা তা জানেন না। প্রবেশপত্র না পেলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, তাই তাঁরা ৩০০ টাকা দিয়ে প্রবেশপত্র উত্তোলন করতে বাধ্য হচ্ছেন।  
ধর্মপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল করিম জানান, প্রবেশপত্র বাবদ কোনো টাকা রাখা হচ্ছে না। প্রত্যেক পরীক্ষার্থীর কাছে ৩০০ টাকা করে কেন্দ্র ফি বকেয়া ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, প্রবেশপত্র বাবদ কোনো অর্থ আদায়ের নিয়ম নেই। এমনটি হয়ে থাকলে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।