ধর্মপাশায় এক পল্লী চিকিৎসককে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ১

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় আবদুল কুদ্দুস (৪০) নামের এক পল্লী চিকিৎসককে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই চিকিৎসকের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর গ্রামে। গত বুধবার রাতে আবদুল কুদ্দুসের স্ত্রী শরীফা আক্তার (২৩) আটজনকে আসামী করে এ মামলা করেন। পুলিশ ওই রাতেই গিয়াস উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা যায়, মহদীপুর বাজারে আবদুল কদ্দুসের একটি ওষুধের দোকান রয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে তিনি বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে বসত ঘরে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে তাঁর স্ত্রী তাকে ঘরে দেখতে না পেয়ে বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। পরে পৌনে ছয়টার দিকে স্থানীয় মহদীপুর ইবতেদিয়া মাদ্রাসা মাঠের মাঝামাঝি  স্থান থেকে ওই পল্লী চিকিৎসকের ব্যবহৃত একটি মুঠোফোন, ছেড়া গেঞ্জি ও তাঁর ব্যবহৃত লুঙ্গি এবং জুতা খোঁজে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলেন এবং সন্দেহজনকভাবে একই গ্রামের গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। পরে চিকিৎসকের স্ত্রীর দায়ের করা অপহরণ মামলায় গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. শফিকুজ্জামান জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারসহ এ মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।