ধর্মপাশায় এমপি রতন ও তার ভাইয়ের পক্ষে মানববন্ধন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুনই নদী জলমহালে জেলে শ্যামারচরণ হত্যার ঘটনায় স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার ছোট ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন জড়িত নয় দাবি করে সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার এমপি রতন ও চেয়ারম্যান রোকনের পক্ষে আয়োজিত মানববন্ধনে পাইকুরাটি ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, অ্যাড. আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, মধ্যনগর থানা আওয়ামী লীগ নেতা অমরেশ রায় চৌধুরী প্রমুখ।
বক্তারা দাবি জানান, জেলে হত্যার ঘটনায় এমপি রতন ও তার ছোট ভাই রোকনকে জড়িয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করা করে যাচ্ছে। যা সত্য নয়। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করা হচ্ছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটন করার পাশাপাশি হয়রানীমূলক গ্রেফতার বন্ধ করে গ্রেফতারকৃতদের ৭২ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।