ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জাড়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষিকাকে এসিড নিক্ষেপ করার চেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে। রবিবার সকালে নোয়াগাঁও গ্রামের বখাটে রুবেল মজুমদারকে (২৮) আসামি করে শিক্ষিকা রুবি রানী তালুকদার বাদী হয়ে ধর্মপাশা থানায় একটি মামলা করেন।
জানা যায়, জাড়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রুবী রানী তালুকদার বিদ্যালয়ের যাওয়া আসার পথে কিছু দিন ধরে রুবেল মজুমদার উত্ত্যক্ত করে আসছিল। রবিবার সকাল প্রায় পৌনে নয়টার দিকে শিক্ষিকা নিজ ঘর থেকে বের হয়ে কিরণ সরকারের বসত ঘরের কাছে আসলে রুবেল মজুমদার কিরণ সরকারের ঘরের ভেতর থেকে জানালা দিয়ে তাকে এসিড নিক্ষেপের হুমকী দেয়। রুবেলের হাতে থাকা একটি বোতলের মুখ খোলে শিক্ষিকাকে এসিড নিক্ষেপ করার প্রস্তুতি নিলে রুবী রানী তালুকদার বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে নিজ বসত ঘরের দিকে যায়। শিক্ষিকার চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা এগিয়ে এলে বখাটে রুবেল দৌড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
রুবেল মজুমদার জানান, এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। এটি একটি সাজানো নাটক ।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, জাড়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে এসিড নিক্ষেপের চেষ্টার অভিযোগে রবিবার সকালে থানায় একটি মামলা হয়েছে। আসামি রুবেল মজুমদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


