ধর্মপাশায় কৃষকের মাঝে বিনামুল্যে সবজি বীজ বিতরণ ও অর্থ সহায়তা প্রদান

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১/২০২০-২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের মাঝে সবিজ বীজ ও উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে লালশাক, ডাটা, কুইশাকসহ ১৩ জাতের সবজি বীজ বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক কৃষককে একটি করে সাইনবোর্ড ও বেড়া দেওয়া, পরিচর্যা ও সার ক্রয়ের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ হাজার ৯৩৫ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৬০ জন কৃষকের মাঝে এ সহায়তা দেওয়া হবে। বৃহস্পতিবার এসব বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাজমুল ইসলাম প্রমুখ।