ধর্মপাশা প্রতিনিধি
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রমে আওতায় সুনামগঞ্জের ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নের অতিদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জয়শ্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই ইউনিয়নের ১৪০ জন অতিদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় জরুরি মানবিক সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সুনামগঞ্জের ১১টি উপজেলার ৮৮টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা এলাকার অতিদরিদ্র, কর্মহীন মানুষের জন্য ১০ লাখ ৬০ হাজার নগদ টাকা ও ১৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে ১ হাজার ৫০০ জন দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য নগদ ১ লাখ টাকা ও ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে জয়শ্রী ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয় ১ হাজার ৪০০ কেজি চাল ও ৯ হাজার ৫০০ টাকা। ওই ইউনিয়নের ১৪০ জন অতিদরিদ্র ও কর্মহীন মানুষের প্রতিজনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি করে ডাল দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম আলম, তদারকি কর্মকর্তা মো. আব্দুর রহমান খান,ইউপি সচিব মো. এমদাদুল হক প্রমুখ।


